সারাদিন হেড আর স্মিথের ব্যাটিং দেখলেন স্টোকসরা 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

সকালের সেশনে ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরি, আর শেষ সেশনে এসে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের অনবদ্য শতক—সব মিলিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

আগের দিন ৩৪.১ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করা অস্ট্রেলিয়া আজ পুরো দিনে খেলেছে ৮৯.৫ ওভার। ইংল্যান্ডের বোলাররা নিতে পেরেছেন ৫ উইকেট, তবে বিনিময়ে এসেছে ৩৫২ রান। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৫১৮ রান। এখন পর্যন্ত ১৩৪ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। ৩৭তম সেঞ্চুরি করে স্মিথ অপরাজিত আছেন ১২৯ রানে, সঙ্গে বো ওয়েবস্টার ৪২ রানে। 

সকালের সেশনে অস্ট্রেলিয়া যে ১১৫ রান তোলে, তার মধ্যে হেডের একার অবদানই ৭১। বাহাতি ওপেনার সেঞ্চুরি করতে খেলেন ১০৫ বল, আর ১৫০ ছুঁতে লাগে আর মাত্র ৪৭ বল। অর্থাৎ ১৫২ বলে ১৫০ রান করে অ্যাশেজ ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম দেড়শর রেকর্ড গড়েন তিনি। এই পথে পেছনে ফেলেন ১৯৩০ সালে লর্ডসে ১৬৬ বলে দেড়শ করা স্যার ডন ব্র্যাডম্যানকেও।

টেস্ট ক্যারিয়ারের ১২ সেঞ্চুরির মধ্যে ৭টিই ন্যূনতম ১৫০ পর্যন্ত নিয়ে যাওয়ার কীর্তি গড়া হেড শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে জ্যাকব বেথেলের স্পিনে আউট হন। ১ ছক্কা ও ২৪ চারে ১৬৬ বলে ১৬৩ রানের ইনিংস খেলে চলতি শতাব্দীতে অ্যাশেজের এক সিরিজে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৬০০ রানের মাইলফলক ছুঁয়েছেন হেড। প্রথম জন তার সঙ্গী স্টিভেন স্মিথ। 

স্মিথের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন ট্রাভিস হেড। এরপর নামেন উসমান খাজা। আন্তর্জাতিক ক্যারিয়ারে সিডনি টেস্টই শেষ ম্যাচ—এই ঘোষণার পর মাঠে নামার সময় দাঁড়িয়ে সম্মান জানান দর্শকেরা। স্মিথের সঙ্গে ৫১ রানের জুটি গড়লেও খাজা বেশিক্ষণ টিকতে পারেননি, ১৭ রানে এলবিডব্লু হন ব্রাইডন কার্সের বলে।

অ্যালেক্স ক্যারি (১৬) ও পরে ক্যামেরন গ্রিনের (৩৭) সঙ্গে ছোট ছোট জুটি গড়েন স্মিথ। সপ্তম উইকেটে গ্রিনের সঙ্গে যোগ হয় ৭১ রান। এই জুটির মাঝেই স্মিথ অ্যাশেজে সর্বোচ্চ রানের তালিকায় ইংল্যান্ড কিংবদন্তি জ্যাক হবসকে পেছনে ফেলেন। দলীয় ইনিংসের ১০০তম ওভারে বেথেলের বলে এক রান নিয়ে ৩৬৩৬ রান করা হবসকে ছাপিয়ে যান স্মিথ, যার সংগ্রহ দাঁড়ায় ৩৬৮২ রান।

একই বোলারের করা ১১০তম ওভারের দ্বিতীয় বলে তিন রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৭তম ও অ্যাশেজে ১৩তম সেঞ্চুরিও পূর্ণ করেন স্মিথ। অ্যাশেজে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন তাঁর সামনে কেবল স্যার ডন ব্র্যাডম্যান (১৯)।

দিন শেষে সন্তুষ্ট স্মিথ বলেন, 'আজ দিনটা সত্যিই দারুণ কেটেছে। কয়েকটা গুরুত্বপূর্ণ জুটি হয়েছে। আশা করছি, কাল আরও কিছু রান যোগ করে ২০০ রানের বেশি লিড নিতে পারব। উইকেটও ধীরে ধীরে বাড়তি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।' এসসিজিতে নিজের স্বচ্ছন্দের কথাও জানান অস্ট্রেলিয়া অধিনায়ক, 'আমি এখানে ব্যাটিং করতে ভীষণ ভালোবাসি। এটা আমার ঘরের মাঠ, উইকেটটা খুব ভালোভাবে চিনি। এখানে নামলে ব্যাটিংটা উপভোগ করি।'

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৯৭.৩ ওভারে ৩৮৪
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২৪ ওভারে ৫১৮/৭ (হেড ১৬৩, স্মিথ ১২৯*, গ্রিন ৩৭, ওয়েবস্টার ৪২*; কার্স ৩/১০৮, স্টোকস ২/৮৭, টাং ১/৮৯, বেথেল ১/৫০)

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত