হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে 'বিভিন্ন বিকল্প' নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড অধিগ্রহণকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তার মতে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের প্রতিরোধ করতে এ পদক্ষেপ প্রয়োজন।
কএই বক্তব্য ইউরোপে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানান। নেতাদের ভাষ্যমতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা আন্তর্জাতিক আইন মেনে এবং ন্যাটোর আওতায় সম্মিলিতভাবে নিশ্চিত করা উচিত।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলা ন্যাটোর কার্যত অবসান ঘটাবে। অন্যদিকে, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডরিক নিলসেন পারস্পরিক শ্রদ্ধা ও আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিতে সংলাপের আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক ভেনেজুয়েলান অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের বক্তব্যের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। এর মধ্যে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবেই গ্রিনল্যান্ডকে দেশটির অংশ করতে চায়।
