জকসু নির্বাচন

১৪ কেন্দ্রের ফলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। এ পর্যন্ত হল সংসদসহ মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪ টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে  ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে আছে। তবে বাকি দুই পদ জিএস ও এজিএস-এ এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত জকসুর ফলের এই চিত্র দেখা যায়।  এখনও ২৫টি কেন্দ্রের (হল সংসদসহ) ফল প্রকাশ বাকি। 

১৪ কেন্দ্রের ফলে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১৬৭৩ ভোট পেয়ে এগিয়ে আছেন।  অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট।

এছাড়া জিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ ১৬১২ ভোট ও ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৭৯৩ ভোট পেয়েছেন।

তাছাড়া এজিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা ১৪৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুর রহমান তানজিল  ১২৫৮ ভোট পেয়েছেন।  

এদিকে শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল এগিয়ে আছে।  এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত