রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকাই তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। যার কারণে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত করতে গিয়ে পাইপের ভেতরে পানি ঢুকে পড়ায় ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কমে যায়। সরবরাহ কম থাকায় রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে। তিতাস জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। লাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপের ভেতরে পানি প্রবেশ করেছে। এর সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
আর গ্যাসের এই মারাত্মক স্বল্পতার কারণে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। জানা যায়, যাত্রাবাড়ি, মতিঝিল এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে। প্রায় সারাদিনই গ্যাস থাকে না। ফলে শীতের এই সময়ে ছোট বাচ্চাসহ পরিবার গুলো সমস্যা পড়তে হচ্ছে বেশি। এছাড়া কোনো কোনো এলাকায় সকালে গ্যাস হালকা চাপ থাকলেও সারাদিন গ্যাসের দেখা পাওয়া যায় না।
রাজধানীর লালমাটিয়া এলাকাতেও একই অবস্থা বিরাজ করছে। এই এলাকাতে সকাল ৯টা পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকলেও ৯টার পর থেকে সন্ধ্যার আগে পর্যন্ত গ্যাসের চাপ থাকেনা বললেও চলে। সন্ধ্যায় গ্যাস থাকলেও চাপ থাকে খুবই কম।
তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাসের এই স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা বর্তমানে অব্যাহত রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
