বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ উত্তর পাড়া মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে অত্যন্ত আপন মানুষ ছিলেন। তাঁর জন্য আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও দোয়া করা হচ্ছে। তিনি দেশকে ভালোবাসতেন বলেই শেষ পর্যন্ত দেশেই মৃত্যুবরণ করেছেন। তিনি কখনো বিদেশে যাননি, যাওয়ার চেষ্টাও করেননি।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া চেয়েছিলেন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটুক। তিনি চেয়েছিলেন মানুষ যেন ডাল-ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে পারে, বেকার যুবক-যুবতীরা যেন কর্মসংস্থান পায়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় এবং কৃষকরা যেন ন্যায্য অধিকার পায়।’
মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের নেত্রী যে আদর্শ, নীতি ও দেশের জন্য যে চিন্তাভাবনা রেখে গেছেন, তা আগামী দিনে বাস্তবায়ন করা গেলে দেশের মানুষের মুখে আবারও হাসি ফুটবে। আনন্দের বিষয় হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুশফিকুর রহমানের কন্যা মেরভীন রহমান মুনিয়া, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, বিএনপি নেতা শাহাদাত হোসেন লিটন, মন্তাজ মিয়া, সোহাগ খান, কৃষক দলের নেতা ইয়ার হোসেন শামিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, যুবদল নেতা দেলোয়ার হোসেন জলিল, শেখ আমজাদ হোসেন, প্রবাসী বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ভূইয়া মাসুদ, সাবেক ছাত্রদল নেতা মোবাশের আহসান, মামুন আহমেদ, গালিব, রনি, শিশির, রিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
