অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঝুঁকির মধ্যে বাসিন্দাদের 'ঘরবাড়ি হারানো বা তার চেয়েও ভয়াবহ পরিণতির' জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দেশজুড়ে চরম তাপপ্রবাহের মধ্যে শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার (১০ জানুয়ারি) রেকর্ড তাপমাত্রা ছুঁতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রবল গরম ও ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভিক্টোরিয়াজুড়ে জারি করা হয়েছে সম্পূর্ণ অগ্নি নিষেধাজ্ঞা এবং রাজ্যের সব অঞ্চলকে 'চরম' বা 'বিপর্যয়কর' অগ্নি-ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
ভিক্টোরিয়া কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান জেসন হেফারনান বলেন, 'ভিক্টোরিয়ার মানুষকে আরও সম্পত্তি ক্ষয়ক্ষতি বা তার চেয়েও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।' তিনি জানান, বৃহস্পতিবার পরিস্থিতি ছিল চরম, আর শুক্রবার তা বিপর্যয়কর রূপ নিয়েছে।
মেলবোর্নে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, আর উত্তর-পশ্চিম ভিক্টোরিয়ার কিছু এলাকায় তা ৪৫ ডিগ্রি ছুঁতে পারে। এর মধ্যে মধ্য ভিক্টোরিয়ার লংউড এলাকায় দাবানলে প্রায় ৩৬ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং ছোট শহর রাফিতে অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, লংউড এলাকায় দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুসহ তিনজন এখনো নিখোঁজ। আগুন লাগার আগে তাদের নিরাপদ স্থানে যেতে সতর্ক করা হলেও পরে বাড়িটি পুড়ে গেলেও তাদের খুঁজে পাওয়া যায়নি।
।
