যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ৬৫ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে আগুনে ধ্বংস হয়েছে শত শত স্থাপনা, যার মধ্যে রয়েছে ৭০০টিরও বেশি বাড়ি।
সোমবার আমেরিকান রেড ক্রস জানিয়েছে, দাবানলের কারণে প্রায় ৬৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, আগুনে ইতোমধ্যে ৭০০টির বেশি বাড়ি পুড়ে গেছে। এর বেশিরভাগই স্পোকেন কাউন্টি এলাকায় অবস্থিত।
স্পোকেন কাউন্টির পুলিশ প্রধান জন নওয়েলস এক সংবাদ সম্মেলনে জানান, অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, ওই ব্যক্তি বর্তমানে ছড়িয়ে পড়া কয়েকটি দাবানলের মধ্যে অন্যতম ‘ওল্ড ট্রেইলস ফায়ার’-এর সঙ্গে জড়িত।
স্পোকেন কমপ্লেক্স ফায়ার ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম জানিয়েছে, আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি অর্জন করতে পারছেন।
দুর্যোগ তথ্যপ্ল্যাটফর্ম ইনসিওয়েবের তথ্য অনুযায়ী, স্পোকেন ও স্টিভেনস কাউন্টির কাছাকাছি এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে শনিবার থেকে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ২৬ একর (৩ হাজার ২৪৮ হেক্টর) এলাকা পুড়ে গেছে। তবে এসব আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ওয়াশিংটনের অন্যান্য এলাকাতেও বড় ধরনের হুমকি তৈরি হয়েছে। বজ্রপাত থেকে ২৬ জুলাই শুরু হওয়া সিনলাকেহিন দাবানল বর্তমানে ৮৫ হাজার একর (৩৪ হাজার ৩৯৮ হেক্টর) এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ৮২০ জনের বেশি কর্মী কাজ করছেন, তবে এটিও এখনো নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে লিভেনওয়ার্থের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত লিটল জায়ান্ট ফায়ার ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্টের ৫১ হাজার ২৯৮ একর (২০ হাজার ৭৫৯ হেক্টর) এলাকা পুড়িয়ে দিয়েছে।
