ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ১৬ বছরের এক অবিশ্বাস্য রেকর্ড হারাল লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে টানা ৬০০ লিগ ম্যাচে অন্তত একটি শট অন টার্গেট রাখার যে ধারা তৈরি করেছিল লিভারপুল, সেটার ইতি ঘটল।
ম্যাচে বল দখলে আধিপত্য রাখলেও গোলরক্ষক ডেভিড রায়াকে একবারও পরীক্ষায় ফেলতে পারেনি আরনে স্লটের দল। ম্যাচে লিভারপুল ৮টি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না। লিভারপুলের মতো আক্রমণভাগে সমৃদ্ধ একটি দলের জন্য এটি অত্যন্ত বিরল ঘটনা। শেষবার তারা প্রিমিয়ার লিগে কোনো শট অন টার্গেট ছাড়াই ম্যাচ খেলেছিল ২০১০ সালে। পরবর্তী ১৬ বছরে তাদের এমন দিন দেখতে হয়নি।
এই ম্যাচে লিভারপুলকে খেলতে হয়েছে তাদের সেরা অস্ত্র ছাড়াই। আফ্রিকা কাপ অব নেশনসের জন্য জাতীয় দলের দায়িত্ব পালন করছেন মিশরের তারকা মোহাম্মদ সালাহ। ক্লাবের রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাক চোটের কারণে মাঠের বাইরে আছেন। চলতি মৌসুমে ১১ গোল করা হুগো একিতিকেও ইনজুরির কারণে খেলতে পারেননি। তাদের অনুপস্থিতি লিভারপুলের আক্রমণভাগে স্পষ্ট প্রভাব ফেলে।
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট শিষ্যদের প্রশংসা করে বলেন, ‘বড় ম্যাচগুলোতে আমরা যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এটা আবার প্রমাণ হয়েছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিতর্কিত ম্যাচ ছাড়া প্রায় সব বড় দলের বিপক্ষেই আমরা ফল পেয়েছি। আমরা লো-ব্লক ভাঙতে হিমশিম খাই এবং সেট-পিসে আমাদের সঙ্গে শীর্ষ দলগুলোর প্রায় ২০ গোলের পার্থক্য আছে।’
তিনি আরও যোগ করেন, ‘দুটি ম্যাচেই আমরা আর্সেনালের বিপক্ষে সমানে সমানে লড়াই করেছি। অ্যানফিল্ডে ফ্রি-কিক থেকে জিতেছিলাম। আজ তেমন কোনো মুহূর্ত তৈরি হয়নি, তাই গোলশূন্য ড্র হয়েছে। আমরা অনেক সময় বল দখলে রাখি, কিন্তু সেটার প্রতিক্রিয়া হিসেবে যথেষ্ট সুযোগ তৈরি করতে পারি না। এটা আমাদের দুর্বলতার জায়গা।’
শান্তর ক্যাচ নিয়ে আমের জামালের অদ্ভুত উদযাপন
ব্যাটিং ঝড়ের পর বজ্রপাতে পরিত্যক্ত টি-টোয়েন্টি ম্যাচ