গোপালগঞ্জে পাটের গুদামে আগুন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ হাজার ৬০০ মণ পাট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে মুকসুদপুরের সরকারি টিএন্ডটি অফিসের সামনে অবস্থিত সুনীল সাহার পাটের গুদামে এ আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সুনীল সাহার গুদামের পাশাপাশি নির্মল বিশ্বাস ও ইকরাম মিয়ার পাটের দোকানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। পরে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি বলতে পারেননি। তিনি আরও জানান, তার নিজের ১ হাজার ৮০০ মণ পাট ছাড়াও নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং ইকরাম মিয়ার ৫০০ মণ পাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন।

এদিকে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত