ইংলিশ প্রিমিয়ার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর প্রথম বড় চমক হিসেবে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন অ্যান্টোনি সেমেনিও। বর্নমাউথ থেকে প্রায় ৮ কোটি ৭০ লাখ ডলারে আসা এই উইঙ্গার জানিয়েছেন, নতুন ক্লাবে তিনি আবারও “ইতিহাস নতুন করে লিখতে” চান।
২৬ বছর বয়সী লন্ডনে জন্ম নেওয়া ঘানা জাতীয় দলের এই ফুটবলার চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১০ গোল করেছেন। এতদিনের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইতিহাদ স্টেডিয়ামে সিটির সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন তিনি। আক্রমণভাগে পেপ গার্দিওলার দলের জন্য তাকে বড় সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।
সেমেনিওকে দলে টানতে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামও আগ্রহ দেখিয়েছিল। তবে তার রিলিজ ক্লজের মেয়াদ শনিবার শেষ হওয়ার আগেই সিটি দ্রুত চুক্তি সম্পন্ন করে। প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর মধ্যে চলতি জানুয়ারি উইন্ডোতে এটিই প্রথম বড়সড় দলবদল।
ম্যানসিটিতে যোগ দেওয়ার পর সেমেনিও বলেন,“গত এক দশক ধরে পেপ গার্দিওলার অধীনে সিটিকে দেখেছি। তারা শুধু প্রিমিয়ার লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও লিগ কাপেও অসাধারণ সাফল্য পেয়েছে। এই ক্লাব সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করেছে। এখানে বিশ্বমানের খেলোয়াড়, বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং ইতিহাসের অন্যতম সেরা কোচ আছেন।”
গত মৌসুমে তুলনামূলকভাবে শিরোপাশূন্য সময় কাটানো এবং বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের বিদায়ের পর সিটির পুনর্গঠনের অংশ হতে চান বলেও জানান সেমেনিও, “আমি নিজেকে উন্নত করছি, কিন্তু এখানে আরও অনেক তরুণ খেলোয়াড় আছে, যাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি সেই প্রক্রিয়ার অংশ হতে চাই এবং আবারও ইতিহাস লিখতে চাই,” বলেন তিনি।
বোর্নমাউথের হয়ে তিন বছরের অধ্যায়ের শেষটা ছিল স্মরণীয়। বুধবার টটেনহ্যামের বিপক্ষে ৩–২ জয়ের ম্যাচে যোগ করা সময়ে দুর্দান্ত গোল করে দলকে জয় এনে দেন সেমেনিও। গত মৌসুমে লিভারপুলের কাছে প্রিমিয়ার লিগ শিরোপা হারানো ম্যানসিটি ২০২৬ সালে চারটি প্রতিযোগিতায় (প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) ট্রফির লড়াই জোরদার করতে সেমেনিওকে দলে ভিড়িয়েছে। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে গার্দিওলার দল।
উইং পজিশনে সিটির বিকল্প সীমিত। সাভিনিও চোটে বাইরে, আর ওমর মারমুশ আফ্রিকা কাপ অব নেশনসে মিসরের হয়ে খেলছেন। এই প্রেক্ষাপটে সেমেনিওর আগমন সিটির জন্য সময়োপযোগী বলেই মনে করা হচ্ছে।
ক্যারিয়ারের শুরুতে ব্রিস্টল সিটির হয়ে একাধিকবার ধারে খেলতে পাঠানো হয়েছিল সেমেনিওকে। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলে ২০২৩ সালে প্রিমিয়ার লিগে জায়গা করে নেন তিনি। আন্দোনি ইরাওলার অধীনে বর্নমাউথে খেলেই নিজেকে শীর্ষ লিগের অন্যতম ভয়ংকর উইঙ্গারে পরিণত করেন।
শনিবার এফএ কাপে তৃতীয় স্তরের ক্লাব এক্সেটারের বিপক্ষে ম্যাচে সেমেনিওকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন গার্দিওলা।
সিটি কোচ বলেন, “তার গুণাবলি সবাই জানে। গত কয়েক বছর বোর্নমাউথে সে অসাধারণ খেলেছে এবং দুই পাশেই খেলতে পারে। সে এক ঠিক সময়ে এসেছে, তার সেরা সময় সামনে। অনেক ক্লাবই তরুণ খেলোয়াড় চায়, কিন্তু সে তার ক্যারিয়ারের সেরা সময় এখানেই কাটাবে।”
এদিকে রক্ষণভাগে রুবেন দিয়াস ও ইয়োশকো গভার্দিওলের চোটে পড়ার পর সিটি ডিফেন্স শক্তিশালী করার দিকেও নজর দিচ্ছে। ক্রিস্টাল প্যালেস অধিনায়ক মার্ক গেহি—যার চুক্তির মেয়াদ মৌসুম শেষে শেষ হবে—তাদের প্রধান লক্ষ্য বলে শোনা যাচ্ছে।
‘অর্ধেক ক্রিকেটারই মদ্যপান করে না, মাঝে মাঝে দু-এক গ্লাস বিয়ার তো স্বাভাবিক’