চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজিয়ার রহমান বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ উপজেলার আলতি বরুজবাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত কারণে দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে যায়। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি টিম কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত