বিগত ১৬ বছর গুম, খুন ও দমন-পীড়নের অভিযোগ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সেই অন্ধকার অধ্যায় আর ফিরতে না চাইলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তার পক্ষে জোরালো প্রচারণা চালাতে হবে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে বরিশালের বেলস পার্ক মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত ওই সম্মেলনে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে আলী রীয়াজ বলেন, আমাদের সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে দেশের কল্যাণে সবাইকে গণভোটে ‘হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে হবে।
বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান সভাপতিত্বে ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
