টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম

আজ সোমবার ( ১২ জানুয়ারি) ভোর চারটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকটির নাম কেফায়েত উল্লা (২২)। তিনি টেকনাফের ২১ নম্বর চাকমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা নজির উদ্দিনের ছেলে।  

জানা গেছে, কেফায়েত উল্লা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে আসেন একই আশ্রয়শিবিরের বাসিন্দা নাসির খান। নাসির খান বলেন, গতকাল রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় কেফায়েত গুলিবিদ্ধ হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ওই বাসিন্দাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।

এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সীমান্ত এলাকায় গতকাল গোলাগুলি হয়েছে, হয়তো সেখানে ওই যুবক আহত হয়েছেন। এসময় তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

তবে এর আগে গতকাল রবিবার মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছে হুজাইফা আফনান (৯) নামের টেকনাফের এক শিশু। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত