মাগুরায় কাওমী মাদরাসায় সীরাত সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

মাগুরায় কাওমী মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা এবং সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত জেলা অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে ইত্তিহাদুল উলামা মাগুরা।

সম্মেলনে আলেম-ওলামা, কাওমী মাদরাসার শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আনারুল করিম যশোরী, মুফতি আরিফ বিল্লাহ কাসেমীসহ দেশের খ্যাতনামা আলেমগণ। আলোচনা সভা ও সীরাত সম্মেলনে সভাপতিত্ব করেন ধলহরা মাদরাসার মুহতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজাল্লা)।

আলোচনায় বক্তারা কাওমী মাদরাসার সুদীর্ঘ ইতিহাস, ইসলামি শিক্ষা বিস্তারে এর ভূমিকা এবং দেশের ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে কাওমী আলেমদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, কাওমী মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষা প্রদানেই সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেম গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। যুগ যুগ ধরে কাওমী শিক্ষার্থীরা সমাজ সংস্কার, দাওয়াত ও দ্বীনি খেদমতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সংকটময় সময়ে রাসুল (সা.)-এর আদর্শই মানবতার মুক্তির পথ দেখাতে পারে।

সভাপতির বক্তব্যে মাওলানা কাজী জাবের বিন মুহসিন বলেন, কাওমী মাদরাসার ঐতিহ্য রক্ষা এবং আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত