ফেনীর দাগনভূঞায় পারিবারিক কলহের জের ধরে সাবিনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার রাজাপুর এলাকায় বাইতুল শরীফ মসজিদ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর সাবিনা কুমিল্লার বুড়িচং থানার ইছাপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মোমেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পারিবারিক কলহের জেরে স্বামী মোহাম্মদ ফয়সল স্ত্রী সাবিনা আক্তারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় েএকটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই উপজেলার রামানন্দপুর গ্রামের ফাজিলের ঘাট জেলেবাড়ির ব্যাটারিচালিত অটোরিকশার চালক কার্তিক কুমার দাসকে খুন করে তাঁর অটোরিকশাটি লুট করেছেন দুর্বৃত্তরা। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ করিমপুর মুহুরিবাড়ি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাসের ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে এই হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে এঘটনায় নিহতের পরিবার মামলা করেছে।
