পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিজ অর্থায়নে দুটি সেতু নির্মাণ করে দিয়েছেন বিএনপি নেতা এ আর মামুন খান। এতে ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নের সাত গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।
আলগীপাতা কাটা বাজার সংলগ্ন খালের ওপর ৭৫ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু এবং নাগ্রাভাঙা দাখিল মাদ্রাসা সংলগ্ন খালের ওপর ২৫ ফুট দৈর্ঘ্যের আরেকটি সেতু নির্মাণ করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সেতু দুটি উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রাকৃতিক দুর্যোগে আলগীপাতাকাটা-ফুলঝুরি সংযোগ সেতুটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। সময়ের সঙ্গে সঙ্গে রড ও সিমেন্টের স্ল্যাব ভেঙে পড়ে চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়রা কাঠের তক্তা ও বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করলেও সেগুলো বারবার নষ্ট হয়ে যেত। ফলে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে সুপারি গাছের বিমের ওপর দিয়ে পারাপার হতে হতো। একইভাবে নাগ্রাভাঙা দাখিল মাদ্রাসার পেছনের বাদুরা খালের ওপর থাকা কাঠের সেতুটিও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বিষয়টি নজরে এলে এ আর মামুন খান নিজ উদ্যোগে ও নিজ খরচে বিএনপি নেতাকর্মীদের সহায়তায় সেতু দুটি নির্মাণ করে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন সেতু ভাঙা থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন সেতু নির্মাণের ফলে এখন রিকশা, সাইকেল ও অন্যান্য ছোট যানবাহন চলাচল করতে পারবে।
এ আর মামুন খান বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার দুর্ভোগের ছবি দেখে আমি নিজ উদ্যোগে সেতু দুটি নির্মাণের সিদ্ধান্ত নিই।