নতুন সিনেমা নির্মাণে অনিক

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০০ এএম

২০ জানুয়ারি থেকে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক অনিক বিশ্বাস। মার্বেল নামের এই সিনেমায় গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বড়পর্দায় মুভিটি মুক্তি পাবে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিন ক্রিয়েশনস। এরই মধ্যে গত শুক্রবার বিকেলে প্রকাশ পেয়েছে ‘মার্বেল’-এর অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার। 

পোস্টারেই মিলেছে সিনেমাটির শক্তিশালী ইঙ্গিত। এতে দেখা যায় নায়ক ম্যাক দিদার রক্তমাখা সিক্সপ্যাক শরীর, ব্যান্ডেজ জড়ানো বুক, এক হাতে দেশীয় অস্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা একটি ভয়ংকর কুকুর। পুরো পোস্টার জুড়ে রয়েছে তীব্রতা, রুক্ষতা ও আক্রমণাত্মক এক ভিজ্যুয়াল ভাষা। এমন ব্যতিক্রমী কনসেপ্ট এর আগে খুব একটা দেখা যায়নি বলে মনে করছেন অনেকেই। পোস্টার দেখেই স্পষ্ট, ‘মার্বেল’ হতে যাচ্ছে অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর এক সিনেমা, যেখানে শক্তিশালী চরিত্র ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনই মূল আকর্ষণ। শিগগিরই সিনেমার বাদ-বাকি অভিনয়শিল্পী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অনিক বিশ্বাস।

সর্বশেষ সর্বাধিক পঠিত