তরুণদের জলবায়ু উদ্যোগে অর্থায়নের সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক কনফারেন্স অব ইয়ুথ—এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ২০২৬-এর অংশ হিসেবে 'ফ্রম ক্লাইমেট ফাইন্যান্স টু ইয়ুথ অ্যাকশন: অ্যাকসেস, অপরচুনিটিজ অ্যান্ড ব্যারিয়ার্স ফর ইয়াং পিপল' শীর্ষক এ সংলাপ আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সংলাপে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, জলবায়ু অর্থায়ন প্রতিষ্ঠান, উন্নয়নকর্মী এবং তরুণ জলবায়ু নেতারা অংশ নেন। তরুণদের জলবায়ু অর্থায়নে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধা এবং তাদের নেতৃত্বাধীন উদ্যোগকে টেকসই সমাধানে রূপ দেওয়ার সুযোগ নিয়ে আলোচনা করেন তারা।
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তরুণদের নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগের জন্য একটি 'ফ্লেক্সিবল ফান্ডিং মেকানিজম' চালুর ঘোষণা দেয়। আগামী নভেম্বরের শুরুতে এটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নতুন এই অর্থায়ন ব্যবস্থা তরুণ জলবায়ুকর্মীদের জন্য আরও সহজ ও নমনীয় অর্থায়নের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে তারা নিজেদের উদ্যোগ তৈরি, পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন এবং সফল উদ্যোগগুলো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন।
আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও অর্থায়নে তাদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।