মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সিংগাইর থানার বাঘুলি-শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক স্থানীয় নারী ব্রিজের নিচে খালের মধ্যে কচুরিপানার ভেতরে মানুষের অবয়ব দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে সেটি একটি মানুষের লাশ। খবর পেয়ে শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ লাশটি খালের তীরে তুলে পরিচয় শনাক্তের চেষ্টা করলে স্থানীয় কয়েকজন জানান, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য সেলিম জানান, গত প্রায় তিন মাস ধরে ওই ব্যক্তি সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকায় ঘোরাফেরা করছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি প্রায়ই খাল, বিল ও নদীর পানিতে নেমে থাকতেন। তীব্র শীতের মধ্যে পানিতে নামার পর আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক স্থানীয় নারী জানান, তিনি আগে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন এবং তখন তিনি নিজেকে রংপুর জেলার বাসিন্দা বলে পরিচয় দেন।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শান্তিপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরবিকুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
