ময়মনসিংহ বিভাগের উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাচারি পুকুরসহ খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি জলমহাল সংস্কার ও খনন প্রকল্প বাস্তবায়নে একটি স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১২টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম সালাউদ্দিন নাগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এবং ভূমি সংস্কার বোর্ডের অতিরিক্ত সচিব (পিআরএল) রেজাউল কবীর।
এছাড়াও শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ নেত্রকোনা জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
সভায় প্রাকৃতিক জলাশয় চিহ্নিতকরণ, খনন ও মাটি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে এসব জলাশয় থেকে রাজস্ব বৃদ্ধি এবং হাওর অঞ্চলের নির্দিষ্ট জলমহাল খননের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ এ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ৩২টি উপজেলার জলমহাল সংস্কার ও খননের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮০ কোটি টাকা। এর মধ্যে বিভাগের ২৫৭টি পুকুর জলাশয়ের মধ্যে ১৩৬টি সংস্কার ও খননের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। বর্তমানে প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে এবং এর বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।