অখ্যাত দলের কাছে হেরে কোপা দেল রে থেকে রিয়ালের বিদায়

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

স্পেনের দ্বিতীয় বিভাগে খেলা আলবাসেতের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। নতুন কোচ আলভারো আরবেলোয়ার দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট ছাড়তে হলো ১৫ বারের চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবটিকে।

বুধবার আলবাসেতের কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। তবে কার্যকর আক্রমণের অভাবে প্রথমার্ধের ৪২ মিনিটে কর্নার থেকে জাভি ভিয়ারের হেডে পিছিয়ে পড়ে সফরকারীরা। যোগ করা সময়ে ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো গোল করে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও ম্যাচের শেষভাগে নাটকীয়তা চরমে ওঠে। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় জেফতে বেতানকোর আলবাসেতকে এগিয়ে দেন। ৯০ মিনিটে গনসালো গার্সিয়ার গোলে আবারও সমতা ফেরায় রিয়াল। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বেতানকোরের দ্বিতীয় গোলে ইতিহাস গড়ে আলবাসেতে।

ম্যাচ শেষে দায় স্বীকার করে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, “এই হারের সম্পূর্ণ দায় আমার। দল নির্বাচন, কৌশল ও পরিবর্তনের সিদ্ধান্ত আমি নিয়েছি। ব্যর্থতা সাফল্যের পথেরই অংশ।”

উল্লেখ্য, লা লিগার আসন্ন ম্যাচের কথা মাথায় রেখে কিলিয়ান এমবাপ্প , জুড বেলিংহ্যাম, রদ্রিগো ও গোলরক্ষক থিবো কোর্তোয়ার মতো তারকাদের বিশ্রাম দেন আরবেলোয়া। এই সিদ্ধান্ত নিয়েই সমালোচনার মুখে পড়েছেন তিনি।

স্প্যানিশ গণমাধ্যমগুলো এই হারকে “রিয়াল মাদ্রিদের জন্য দুঃস্বপ্ন” বলে আখ্যা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিভাগে ১৭তম স্থানে থাকা দলের কাছে হেরে যাওয়া নতুন কোচের ওপর চাপ আরও বাড়িয়ে দিল।

সুপার কাপ ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর কোপা দেল রে থেকেও বিদায়—সব মিলিয়ে মৌসুমের শুরুতেই কঠিন বাস্তবতার মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও তাদের নতুন কোচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত