নেত্রকোনা-কেন্দুয়া সড়কে মাটিবাহী লড়ি গাড়ির ধাক্কায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার লক্ষীপুর রেন্টিতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরা আক্তার মদনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের খুরশেদ আলমের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নয়ন মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে বাজার থেকে ধান ভাঙিয়ে বাড়ি ফিরছিলেন মঞ্জুরা আক্তার। এ সময় লক্ষীপুর রেন্টিতলা মোড় এলাকায় সড়ক পার হওয়ার সময় নেত্রকোনা দিক থেকে আসা একটি মাটিবাহী লড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
