ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের তিনটি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টির তিন প্রার্থী। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করলে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল মঞ্জুর হওয়ায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রার্থীরা হলেন— যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনের জহুরুল হক, যশোর-৫ (মণিরামপুর) আসনের এম এ হালিম এবং যশোর-৬ (কেশবপুর) আসনের জিএম হাসান।
রাজধানীর (১৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়।
এর আগে গত ১ জানুয়ারি যশোর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় যশোর-৪ আসনে জহুরুল হকের মনোনয়ন ফরম অসম্পূর্ণ থাকায়, যশোর-৫ আসনে এম এ হালিমের মনোনয়ন ফরম ত্রুটিপূর্ণ হওয়ায় এবং যশোর-৬ আসনে জিএম হাসানের মনোনয়ন ও দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করেন।
পরবর্তীতে তিন প্রার্থীই নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন তাদের আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
প্রার্থিতা ফিরে পেয়ে যশোর-৪ আসনের প্রার্থী জহুরুল হক বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। কমিশন আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। যশোর-৫ আসনের প্রার্থী এম এ হালিম বলেন, মনোনয়ন ফরমে সামান্য ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছিল। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছি।
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান বলেন, জাতীয় পার্টি যশোরের ছয়টি আসনে মনোনয়ন দিয়েছিল। এর মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে এবং একজনের মনোনয়ন বাতিল হয়েছে। এই পাঁচ প্রার্থীকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ভোটের মাঠে অংশ নেবে বলে তিনি জানান।
