রাঙ্গাবালীতে টেকাব প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন ‘টেকাব (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পরিচালিত দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা হলরুমে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভা শেষে তিনি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. মোস্তাক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রশিক্ষণের মান, উপস্থিতি ও পাঠ্যসূচি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন যুবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে বেকারত্ব হ্রাস করা। টেকাব প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জেলা প্রশাসককে প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা জানান, দুই মাসব্যাপী এই কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা বাস্তব জীবনে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। স্থানীয়ভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমকে যুবসমাজের জন্য সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত