এনজো ফার্নান্দেজকে পেতে পিএসজি-রিয়ালের শীতল লড়াই

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে এবার চেলসির অধিনায়ক ও আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফরাসি সংবাদমাধ্যম ‘লোইকিপ’ -এর খবরে বলা হয়েছে, আগামী ২০২৬–২৭ মৌসুম সামনে রেখে নিজেদের মিডফিল্ড পুনর্গঠনের পরিকল্পনায় এনজোকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচনা করছে পিএসজি। অন্যদিকে আর্জেন্টাইন তারকার ওপর নজর রেখেছে রিয়াল মাদ্রিদ।

বর্তমানে চেলসির মাঝমাঠের অবিচ্ছেদ্য অংশ এনজো ফার্নান্দেজ। ক্লাবের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব, পাসিং দক্ষতা ও খেলার নিয়ন্ত্রণ ক্ষমতা ইউরোপের অভিজাত ক্লাবগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি ২০২৪–২৫ মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে ৫–০ গোলের বড় জয় নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে ইতিহাস গড়ে পিএসজি। সেই সাফল্য ধরে রাখতে দলটিতে অভিজ্ঞ ও মানসম্পন্ন ফুটবলার যোগ করতে চায় ফরাসি জায়ান্টরা।

কাতারি মালিকানাধীন পিএসজির আর্থিক সক্ষমতা ইউরোপের যেকোনো ক্লাবের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। এর আগেও লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, আনহেল দি মারিয়া, রোনালদিনহো, জ্লাতান ইব্রাহিমোভিচ ও ডেভিড বেকহামের মতো তারকারা প্যারিসের জার্সিতে খেলেছেন। সেই ধারাবাহিকতায় এনজো ফার্নান্দেজকেও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখছে তারা।

অন্যদিকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও বেশ কিছুদিন ধরে এনজোর ওপর নজর রাখছে। কার্লো আনচেলত্তির বিদায়ের পর ও টনি ক্রুসের অবসর নেওয়ায় রিয়ালের মিডফিল্ডে শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গায় নেতৃত্ব ও স্থিতিশীলতা আনতে এনজো ফার্নান্দেজকে আদর্শ বিকল্প হিসেবে বিবেচনা করছে মাদ্রিদের ক্লাবটি। এসব জল্পনা-কল্পনার মাঝে এনজো আপাতত চেলসির জার্সিতে দায়িত্ব ও পারফরম্যান্সেই মনোযোগ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন এনজো। বিশ্বকাপের পর ২০২৩ সালের শুরুতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে তাকে রেকর্ড অঙ্কের অর্থে চেলসি দলে ভেড়ায়। লন্ডনের ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত, যা যেকোনো সম্ভাব্য দলবদলের ক্ষেত্রে চেলসিকে শক্ত অবস্থানে রেখেছে। ফলে পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদের আগ্রহ থাকলেও এনজো ফার্নান্দেজকে দলে নিতে হলে বড় অঙ্কের প্রস্তাব এবং খেলোয়াড়ের সম্মতির প্রয়োজন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত