আত্মহত্যার হার বাড়ছে ইসরায়েলি সৈন্যদের মধ্যে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

গাজায় চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) ও আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের দুই বছর পেরিয়ে গেলেও এর মানসিক প্রভাব ক্রমেই গভীর হচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনীতে একটি গুরুতর মানসিক স্বাস্থ্য সংকটের চিত্র উঠে এসেছে। গাজা ও লেবাননে চলমান সংঘর্ষ এবং ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সেনাদের দীর্ঘ সময় ধরে মোতায়েন রাখা হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পরপরই লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। এতে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ লড়াইয়ে কয়েক লক্ষ সেনা ও রিজার্ভ সদস্য অংশ নেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ৭ অক্টোবরের পর থেকে এক হাজার একশোর বেশি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে গাজার ও লেবাননের কর্মকর্তাদের তথ্যমতে, গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি এবং দক্ষিণ লেবাননে প্রায় ৪ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে পিটিএসডির হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে এবং ২০২৮ সালের মধ্যে তা ১৮০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যুদ্ধজনিত আঘাতে চিকিৎসাধীন প্রায় ২২ হাজার সেনার মধ্যে প্রায় ৬০ শতাংশই ট্রমায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ চলতে থাকায় এর মানসিক ক্ষত আরও গভীর হচ্ছে, যার প্রভাব শুধু সেনাদের মধ্যেই নয়, বরং পুরো অঞ্চলের বেসামরিক জনগোষ্ঠীর ওপরও দীর্ঘস্থায়ীভাবে পড়বে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত