পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৩৭% নাগরিক মনে করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের বাইরে আরও রাজনৈতিক দল থাকার প্রয়োজন রয়েছে। দেশটির দীর্ঘদিনের দুই-দলীয় ব্যবস্থার প্রতি মানুষের অসন্তোষের প্রতিফলন দেখা যায় এই জরিপে।
বিশেষ করে তরুণদের মধ্যে এই মনোভাব বেশি দেখা যাচ্ছে। ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের প্রায় ৪৪% বলেন, তারা জোরালোভাবে আরও রাজনৈতিক দলের বিকল্প চান। তুলনামূলকভাবে ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৩৫% এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে মাত্র ২৫%।
জরিপে আরও দেখা যায়, রিপাবলিকান ও তাদের সমর্থকদের তুলনায় ডেমোক্র্যাট এবং ডেমোক্র্যাটপন্থী স্বতন্ত্র ভোটাররা নতুন রাজনৈতিক দলের পক্ষে বেশি আগ্রহী (৪৬% বনাম ২৯%)। এই ব্যবধান ২০২৩ সালের ফলাফলের সঙ্গে প্রায় একই রকম। দলনিরপেক্ষ ভোটাররা দলীয় পরিচয়ধারীদের তুলনায় বেশি অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে ডেমোক্র্যাটপন্থী স্বতন্ত্রদের মধ্যে ৫৬% আরও দলের পক্ষে মত দিয়েছেন, যেখানে রিপাবলিকানপন্থী স্বতন্ত্রদের মধ্যে এই হার ৪২%। সামগ্রিকভাবে, উভয় দলেই তরুণরা বয়স্কদের তুলনায় বেশি হারে যুক্তরাষ্ট্রের বর্তমান দুই-দলীয় ব্যবস্থার বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি দেখতে চান।