ব্রাজিল, জার্মানি ও ইতালির শীর্ষ লিগে দাপট দেখানো তারকা উইঙ্গার ডগলাস কস্তা আবারও পেশাদার ফুটবলে ফিরছেন। তবে এবার তিনি খেলবেন ইতালির চতুর্থ স্তরের লিগ সেরি ডি-তে। সাবেক বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস ও ফ্লুমিনেন্সের এই তারকা সম্প্রতি সেরি ডি ক্লাব কিয়েভো ভেরোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
৩৫ বছর বয়সী ডগলাস কস্তা নানা বিতর্কের কারণেই দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে ছিলেন। ব্রাজিলের পোর্তো আলেগ্রের ষষ্ঠ পারিবারিক আদালত ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ ছিল, প্রায় এক লাখ মার্কিন ডলার সমপরিমাণ সন্তানের ভরণপোষণ না দেওয়া। এই আইনি জটিলতার জেরে অস্ট্রেলিয়ার ক্লাব সিডনি এফসি তার সঙ্গে চুক্তি বাতিল করে।
ইতালীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কস্তা ছয় মাসের চুক্তিতে কিয়েভো ভেরোনায় যোগ দিচ্ছেন। যেহেতু তিনি ফ্রি এজেন্ট ছিলেন, তাই কোনো ট্রান্সফার ফি ছাড়াই এই চুক্তি সম্পন্ন হয়েছে। কিয়েভো বর্তমানে সেরি ‘সি’তে উত্তরণের লড়াইয়ে রয়েছে। কস্তার এই দলবদলটি বিশেষ গুরুত্ব পাচ্ছে ক্লাব মালিকানার কারণেও।
কিয়েভোর মালিক পিয়েত্রো লাতেরজা একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ইত্তিফাকের চেয়ারম্যান। তবে বিদেশি খেলোয়াড়ের কোটা পূর্ণ থাকায় আল-ইত্তিফাকে কস্তাকে নেওয়া সম্ভব হয়নি, ফলে তাকে ইতালিতে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।
ইউরোপীয় ফুটবলে ডগলাস কস্তা তার প্রজন্মের অন্যতম সফল ব্রাজিলিয়ান হিসেবে পরিচিত। শাখতার দোনেৎস্কের হয়ে তিনি ইউক্রেনে জিতেছেন পাঁচটি লিগ শিরোপা। বায়ার্ন মিউনিখের জার্সিতে জিতেছেন তিনটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও ক্লাব বিশ্বকাপ। জুভেন্টাসের হয়ে তার ঝুলিতে আছে তিনটি সেরি আ শিরোপাসহ একাধিক ঘরোয়া ট্রফি।
জাতীয় দলের হয়েও কস্তার অর্জন কম নয়। তিনি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। ফ্লুমিনেন্সের হয়ে জিতেছেন রেকোপা সুদামেরিকানা এবং যুব পর্যায়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপও। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ট্রফির সংখ্যা ২৪টি। উল্লেখ্য, ইতালির ক্লাবে যোগ দেওয়ার আগে ইকুয়েডরের ক্লাব এমেলেকের সঙ্গে তার আলোচনার খবর প্রকাশ করেছিল।
‘মেসির সঙ্গে একবার দেখা হয়েছে, আমি তার অনেক বড় ভক্ত’
নাজমুলকে খুঁজে পাচ্ছে না বিসিবি; কী হবে ৪৮ ঘণ্টা পর?