পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ শনিবার ভোরে সরগোধা জেলার কোট মোমিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর জিও টিভির।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, একটি ট্রাকে করে ২৩ জন যাত্রী জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। ভোরের দিকে কোট মোমিনের ঘালাপুর বাংলা খালের পাশ দিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। কর্মকর্তারা জানান, নিহত ও আহতদের বেশিরভাগই একই এলাকার বাসিন্দা ছিলেন।
উল্লেখ্য, পাঞ্জাব প্রদেশজুড়ে বর্তমানে ঘন কুয়াশা বিরাজ করছে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কুয়াশার কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকাতেও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। সেখানে একটি চিনি বাহী ট্রেইলার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হন।
ঘন কুয়াশার মধ্যে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।
