পুলিশের দেওয়া কম্বল পেয়ে খুশি চার শ শিক্ষার্থী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুটি কওমি মাদরাসার চার শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ। পুলিশের দেওয়া এসব কম্বল পেয়ে খুশি শিক্ষার্থীরা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামে অবস্থিত দুটি কওমি মাদরাসার প্রায় চার শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উষ্ণতা পৌঁছে দিতে সুন্দরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

জানা গেছে, দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করতে শীতবস্ত্র পাঠায় পুলিশ সদরদপ্তর। পুলিশ বিভাগের পাঠানো এসব কম্বল উপজেলার হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা মাদরাসা এবং দারুল উলুম মিফতাহুল কুরআন ইসলামিক একাডেমির দরিদ্র শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশের উপহারের এসব শীতবস্ত্র সুন্দরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়। থানা পুলিশের দেওয়া এসব কম্বল হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। পুলিশের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে পুলিশের ভূমিকা আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন সুধীজন।

‎কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজই করে না, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। শীত মৌসুমে অসহায় ও গরিব শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর, হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা মাদরাসা ও দারুল উলুম মিফতাহুল কুরআন ইসলামিক একাডেমির পরিচালক হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলামসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।

মাদরাসার পরিচালক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম জেলা পুলিশ ও সুন্দরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য পুলিশের এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রেহাই পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত