গোবিন্দগঞ্জ

খালেদা জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে গোবিন্দগঞ্জে বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পুরাতন বন্দরের বারোয়ারী দূর্গা ও কেন্দ্রীয় নাট মন্দিরে এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শামীম কায়সার লিংকন।

সভায় দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করা হয়। হিন্দু ধর্মাবলম্বী নেতারা বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি ও তার পরিবারের কল্যাণ কামনায় বিশেষ আরাধনা ও প্রার্থনা করে।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামীম কায়সার লিংকন জানান, বেগম খালেদা জিয়া সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করেছেন। তার মৃত্যুতে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনায় সনাতনী ভাইদের এই আয়োজন প্রমাণ করে তিনি কতোটা জনপ্রিয় ও সর্বজনীন নেতা ছিলেন।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দেবাশীষ কুমার চাকীর সভাপতিত্বে ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুজন মহন্তের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব গোবিন্দ কুমার দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জিতু ঘোষ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত