নেত্রকোনায় ইউএনওকে শাসালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে ‘শাসানোর’ একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া ইউএনওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

জানা গেছে, স্থানীয় ব্যক্তি মো. পারভেজসহ কয়েকজন সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করছিলেন। এ খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন শনিবার বিকেলে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পারভেজকে আটক করে অর্থদণ্ড দেন।

পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে বাকবিতণ্ডা শুরু হয়। তিনি ইউএনওকে শাসাতে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণ জানতে চেয়েছিলেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান জানান, সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ কাজ করছিল চেয়ারম্যানের ভাই মো. পারভেজ। একটি ঘরও তৈরি করা হয়েছে। পরে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাহমুদুল হাসান গিয়ে আটক করে ও অর্থদণ্ড করেন। এরপর চেয়ারম্যানের এই আচরণ ঘটেছে। 

এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, সরকারি কাজে বাধা প্রদান ও এমন আচরণ সকল এভিডিয়েন্সসহ সরকারকে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা যা নেয় সরকার সেটাই হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত