টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল ভারত। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে হেরে গেছে রোহিত শর্মার দল। শেষ ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিও দলকে হার থেকে বাঁচাতে পারেনি।
রবিবার ইন্দোরে সিরিজের কার্যত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানের বড় সংগ্রহ গড়ে কিউইরা। দুই ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের ওপর দাপট দেখান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। একের পর এক উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। সাবেক অধিনায়ক খেলেন ক্যারিয়ারের ৮৫তম সেঞ্চুরি। তাঁর ব্যাটে ভর করেই ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল স্বাগতিকরা।
তবে কোহলি নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময়ও ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ বলে ৪৬ রান। তাঁর বিদায়ের পর একই ওভারে রানআউট হন কুলদীপ যাদব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। ৪৬ ওভারে ২৯৬ রানে গুটিয়ে যায় ইনিংস।
ফলে ৪১ রানের জয় পায় নিউজিল্যান্ড এবং তিন ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এমন পরাজয় ভারতের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়াল।
ওয়ানডে ক্যারিয়ারে নবমবার এমন হলো যে কোহলির সেন্চুরিতেও ম্যাচ জিততে পারলো না ভারত।
