শিরোপা জয়ের সেরা সুযোগ আর্সেনালের, এবার না পারলে আক্ষেপই সঙ্গী হবে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

দীর্ঘ দুই দশকের শিরোপা খরা কাটানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ আর্সেনাল সম্ভবত আর পাবে না। নটিংহাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করলেও প্রিমিয়ার লিগের সাম্প্রতিক ফলাফল আর্তেতার দলকেই শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে রেখেছে। সপ্তাহান্তে লিগ টেবিলে আর্সেনালের লিড দাঁড়িয়েছে সাত পয়েন্টে। 

শিরোপার লড়াইয়ে চাপ তৈরি করার কথা ছিল যে দলগুলোর, তারা সবাই হোঁচট খেয়েছে। ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বিতে হেরে টানা চার ম্যাচ জয়হীন, লিভারপুল বার্নলির সঙ্গে ড্র করে শীর্ষস্থান থেকে আরও পিছিয়ে পড়েছে। বর্তমানে তারা আরসেনালের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে।

অ্যাস্টন ভিলাও নিজেদের মাঠে এভারটনের কাছে হেরে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারিয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতায় ফরেস্টের সঙ্গে ড্র করেও সবচেয়ে বেশি লাভবান হয়েছে আর্সেনালই।

টানা দুই ম্যাচে গোল না পেলেও লিগের সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ আর ধারাবাহিক পারফরম্যান্সের কারণে শিরোপার নিয়ন্ত্রণ পুরোপুরি আর্তেতার দলের হাতেই। এর আগে প্রিমিয়ার লিগে বড় ব্যবধান হারানোর নজির থাকলেও, এবার নিচের দলগুলো শিরোপা জয়ের মতো ধারাবাহিকতা দেখাতে পারছে না।

গত তিন মৌসুমে রানার্সআপ হওয়া আর্সেনালের জন্য এটি কার্যত ‘এখন না হলে কখনোই নয়’ মুহূর্ত। সবকিছু অনুকূলে থাকা এই মৌসুমে শিরোপা হাতছাড়া করলে সেই আক্ষেপ দীর্ঘদিন তাড়া করে ফিরবে লন্ডনের ক্লাবটিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত