গণভোট নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: আলী রীয়াজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

গণভোটের পক্ষে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কোনো আইনগত বা নৈতিক বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। দেশের বিদ্যমান আইনে এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই।’

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘কে ক্ষমতায় এলো, কে গেল— তা মুখ্য বিষয় নয়। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত থাকার অঙ্গীকার করেছে। ফলে গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা কখনোই সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র মেরামতের এই প্রক্রিয়ায় প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি। রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘ সময় ধরে যুক্ত ছিল এবং তারা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘অনেকে প্রশ্ন তুলছেন, কেউ যদি দায়িত্ব পালন না করে— তবে কী হবে। কিন্তু যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল, তারা অংশগ্রহণ করেছে, শাসন করেছে এবং কোনো পক্ষই ‘না’ বলছে না। কারণ এটি কোনো একক সরকারের উদ্যোগ নয়; রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্তে এটি গৃহীত হয়েছে। সে কারণে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ আইন ও নৈতিকতা— দুটো দিক থেকেই সঙ্গত।’

সভায় বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘দেশে ও বিদেশে একটি চক্র গণভোটকে কেন্দ্র করে ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ইকো চক্রের এসব অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণভোটে হ্যাঁ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না’ বা ‘আল্লাহর ওপর মানুষের আস্থা নষ্ট হবে’— এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব ফ্যাসাদ সৃষ্টিকারীদের ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না।’

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত