টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় পুলিশ কনস্টেবল মাসুম মিয়া (১৯) গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে। ট্রেনিং সেন্টারের দায়িত্বশীল কেউ বিস্তারিত মন্তব্য না করায় ঘটনার প্রাথমিক তথ্য জানা যায়নি।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাসুম মিয়া পুলিশে যোগদানের পর চার মাসের প্রশিক্ষণে ছিলেন এবং আগামী ৩ ফেব্রুয়ারি তার প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। ঘটনা ঘটার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতরতার কারণে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার রংচী গ্রামের বকুল মিয়ার ছেলে। তিনি ২০২৫ সালে পুলিশে যোগদানের পর অক্টোবর মাসে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য আসেন।
এ বিষয়ে ট্রেনিং সেন্টারের কমাণ্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
