নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাসান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী।
জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শেখ সোহেল রানা ও একই গ্রামের আবেদ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে হাসান শেখের মৃত্যু হয়। নিহত হাসান শেখ বর্তমান ইউপি সদস্য শেখ সোহেল রানা গ্রুপের লোক।
নড়াগাতী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী জানান, নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।