নরসিংদী

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ছেলে গ্রেপ্তার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

নরসিংদীর পলাশে আবির নামে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত মা বিউটি বেগমের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৮ জানুয়ারি উপজেলার ঘোড়াশালের জনতা জুটমিলের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত বিউটি বেগম (৪২) জনতা জুট মিলের শ্রমিক ও এই জুট মিলের মহিলা কোয়ার্টারের বাসিন্দা। অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) মাদকাসক্ত বলে জানান স্থানীয়রা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. কুতুবুল আলম জানায়, রাতে ডিউটি শেষে রবিবার সকালে বাসায় ফিরেন বিউটি বেগম। সকাল ৯ টার দিকে আবির তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে তিনি মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত বিউটি বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার  বিউটি বেগম মারা যান।

এঘটনায় অভিযুক্ত ছেলে আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত