লিটন বললেন, 'বিশ্বকাপে যাব কি না আমরা নিশ্চিত না'

বিশ্বকাপ নিয়ে এত এত আলোচনা, অথচ বোর্ড এখনও লিটনদের ভাবনাটাই জানতে চায়নি। কেন জানতে চায়নি, এ প্রশ্নে শুধু লিটন বললেন, 'না (জানতে চায়নি), কেন জানতে চায়নি, সেটাও আমি জানি না।' জানতে চাওয়া উচিত ছিল কীনা- এ প্রশ্নে বললেন, 'নো, কমেন্টস।'

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

সিলেটের ক্রিস ওকসের ছক্কায় বিপিএল অভিযান শেষ হওয়ার পর রংপুর রাইডার্স অধিনায়ক লিটন কুমার দাস ভাঙা মনে এলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। আগামী মাসে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নের্তৃত্ব দেওয়ার কথা তার। চাপান-উতোর পর্বে সংবাদ কর্মীদের প্রশ্নে বারবার এলো বিশ্বকাপ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা প্রসঙ্গ। এ প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে লিটনদের মনেও। মনের কোনে হয়তো উঁকি দিচ্ছে শেষ পর্যন্ত অপেক্ষাটা খেলতে না পারার আক্ষেপে বদলে যাবে কীনা? লিটন অবশ্য সতর্ক থাকলেন, অনুভূতিটা সন্তর্পণে লুকিয়ে রাখলেন। যে কোন পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখার কথাই বললেন টি-টোয়েন্টি অধিনায়ক। 

আইপিএল-এ বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে না দেওয়ার ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ পাল্টা সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো তারা ভারতে খেলবে। অন্তবর্তীকালীন সরকারও বাংলাদেশকে ভারতে খেলতে পাঠানো নিরাপদ মনে করছে না। ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার অনুরোধ করেছে আইসিসিকে। আয়োজক ও আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত বিপিএল নিয়ে। সে ব্যস্ততা মঙ্গলবার শেষ হয়েছে রংপুর রাইডার্সের হয়ে খেলা তারকাদের। এখন তাদের সুযোগ ছিল বিশ্বকাপ নিয়ে চিন্তা করার। নিজেদের মানসিক প্রস্তুতিটাও এ সময়টায় নিয়ে ফেলতে পারতেন তারা। তবে সেটা সম্ভব হচ্ছে না। আদৌ বিশ্বকাপে খেলা হবে কীনা, সে প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটারদের মনে। তাই বিশ্বকাপ বিষয়ক প্রশ্নগুলোতে লিটনকে ভীষণ অসহায় মনে হয়েছে। তাছাড়া এ ইস্যু নিয়ে বোর্ডও তার সঙ্গে কোন আনুষ্ঠানিক আলোচনা করেনি।

সংবাদ সম্মেলনে শুরুর প্রশ্নটা ছিল এমন- "প্রত্যেকবারই গ্লোবাল ইভেন্টে খেলতে যাওয়ার আগে আপনাদের উইকেট নিয়ে কথা বলতে শোনা যায়। যদি ধরে নেই যে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, তার আগে এই ধরনের উইকেট টি-টোয়েন্টির প্রস্তুতির জন্য আসলে কতটা সহায়ক?" প্রশ্নের জবাবটা লিটন দিলেন প্রশ্ন দিয়ে- 'আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপকাপ খেলতে যাচ্ছি?' এরপর বললেন, 'বিশ্বকাপ অনেক দিন বাকি। বিশ্বকাপে যাব কি না আদৌ, এটা আমরা নিশ্চিত না।' 

আর দুই সপ্তাহ পর ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে বিশ্বকাপ। শেষ পর্যন্ত যদি খেলা হয় এবং বাংলাদেশ যদি প্রত্যাশিত ক্রিকেট উপহার দিতে না পারে- তার দায় অধিনায়ক হিসেবে বর্তাবে লিটনের ওপর। পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোন পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত রাখার দায়িত্বের কথা বলেছেন লিটন, 'বিশ্বকাপ ৭ তারিখে শুরু হবে। ১৪ দিন হাতে আছে। মেন্টালি অনেক সুযোগ থাকবে আমাদের চিন্তাভাবনা করার। দেখেন, অনেক কিছুই লাইফে আইডিয়াল না। এই যে আমরা ম্যাচ খেললাম বিপিএল-এর, এটাও তো আইডিয়াল না। বাট খেলতে তো হচ্ছে।?'

বিশ্বকাপ নিয়ে এত এত আলোচনা, অথচ বোর্ড এখনও লিটনদের ভাবনাটাই জানতে চায়নি। কেন জানতে চায়নি, এ প্রশ্নে শুধু বললেন, 'না (জানতে চায়নি), কেন জানতে চায়নি, সেটাও আমি জানি না।' জানতে চাওয়া উচিত ছিল কীনা- এ প্রশ্নে বললেন, 'নো, কমেন্টস।'

শেষ বলে ক্রিস ওকসের ছক্কায় হৃদয় ভেঙেছে রংপুর রাইডার্সের। তৃতীয়বার শিরোপা জয়ের আশাটাও ভেস্তে গেছে। ফাহিম আশরাফের শেষ বলটা ওকসকে সীমানা ছাড়া করতে দেখে লিটন মনে পড়ে যায় ২০১৮ সালের নিদহাস ট্রফির ফাইনালের কথা। কলম্বোতে ভারতের দিনেশ কার্তিক ছিলেন স্ট্রাইকে। প্রয়োজন শেষ বলে ৫ রান। কার্তিক সৌম্য সরকারের ওভারের শেষ বলটা করলেন সীমানা ছাড়া। তাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা দল। সেই স্মৃতিটাই মনে করিয়ে দিলেন লিটন, 'লাস্ট বলে ছক্কা দেখে সেইম আমার নিদাহাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে। সেইম কাভারের উপর দিয়ে ছয়। তবে এটাই ক্রিকেট, এভাবেই জীবন চলে। আপস এন্ড ডাউনস থাকবে। জিততে পারলে তো ভালো হতো। এখন পারিনি, কিছু করার নাই।' ব্যাটারদের ভুগতে হওয়ায় মিরপুরের উইকেটের সমালোচনাও করলেন লিটন, 'এটা আসলে টি-টোয়েন্টির জন্য আইডিয়াল উইকেট না। কোয়ালিফায়ার (এলিমিনেটর) ম্যাচে বেটার উইকেট আশা করছিলাম। ডু অর ডাই ম্যাচ। আপনি সম্পূর্ণ বোলারদের ফেভার দিয়ে দিলেন, তাহলে তো আর ক্রিকেট হলো না। আরও ভালো উইকেট দু'দলই আশা করছিল। ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই। তবে ক্রিকেটটা ক্রিকেটের মতো হলে আরেকটু ভালো হতো।'

বিশ্বকাপের ক্যানভাসে বড়সড় প্রশ্নবোঁধক চিহ্ণ আঁকা। প্রশ্নটা মুছে গেলে; হ্যাঁ কিংবা না- একটা কিছু জেনে নিলে জীবনটা আরও সহজ হয় লিটনদের। ওকসের ছক্কায় হারে ক্ষতটা তারা দ্রুত ভুলতে পারবেন যদি বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশাটা কেটে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত