দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভালো শুরুর পর বাংলাদেশ নারী দলকে বড় সংগ্রহের পথে টেনেছেন শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারি। তবে শেষ বেলায় ম্যাচের রং বদলে দেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ১৪ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশকে এনে দেন বড় পুঁজি। এরপর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
মঙ্গলবার নেপালে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে তোলে ১৬৮ রান। ১৬তম ওভারে ক্রিজে নেমে প্রথম চার বল দেখে নেওয়ার পর পঞ্চম বলেই ছক্কা হাঁকান স্বর্ণা। পরের আট বলের মধ্যে মারেন আরও তিনটি ছক্কা। ২৬৪.২৮ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে ১ চার ও ৪ ছক্কায় সাজান ৩৭ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। একই সঙ্গে অন্তত ২৫ রানের ইনিংসে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেটের কীর্তিও। ২০১৯ সালে মালয়েশিয়ার বিপক্ষে ২১৬.৬৬ স্ট্রাইক রেটে ১২ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ফাহিমা খাতুন।
স্বর্ণার চার ছক্কার পাশাপাশি সোবহানা মোস্তারি মারেন দুটি, দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস একটি করে ছক্কা। সব মিলিয়ে ৮টি ছক্কা হাঁকিয়ে ম্যাচে নতুন দলীয় রেকর্ড গড়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে দিলারা করেন ২৯ বলে ৩৫, সোবহানা ২৪ বলে ৩৪ রান।
লক্ষ্য তাড়ায় পাপুয়া নিউগিনিকে ১৩৮ রানে আটকে দেন বাংলাদেশের বোলাররা। একটি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, রিতু, ফাহিমা, সোবহানা ও স্বর্ণা ৷ বাংলাদেশ এরপর নামিবিয়া ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে।
ভূরাজনীতির মারপ্যাঁচে ক্রিকেট