সপ্তাহের সব দিন যেমন রবিবার হয় না, তেমনি সব ম্যাচেই শেষ বলে ছক্কা মেরে জেতা যায় না। ক্রিস ওকস ফের বুঝলেন, ক্রিকেটারের জীবনে আনন্দের স্থায়ীত্ব অল্প। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ১২ রানে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারেই থেমে গেল সিলেট টাইটানসের এবারের বিপিএল যাত্রা। সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম যেভাবে বড় গলায় বলেছিলেন ফাইনালে দল উঠলে সিলেট থেকে বিমানে করে সমর্থকদের নিয়ে আসবেন, সেসব আর করতে হচ্ছে না তাকে। কারণ রাজশাহীর ১৬৫ রান তাড়া করে২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রানেই আটকে গেছে সিলেট।
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে লড়লেন নিউজিল্যান্ডের দুই যোদ্ধা। জেমস নিশাম আর কেন উইলিয়ামসন, এই দুই কিউই ক্রিকেটারই দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহীকে দিয়েছেন লড়াইয়ের পুঁজি। বুধবার মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ৯ উইকেটে করেছে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে আশা জাগিয়েও পারল না টাইটানস। ক্রিস ওকসের শেষ বলে মারা ছক্কায় ভর করে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে এসেছে সিলেট টাইটানস। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরেও পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকার সুবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাবার আরেকটা সুযোগ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বাঁচামরার ম্যাচে ফের ফ্লপ দলটির স্থানীয় তারকারা। আগের ম্যাচে ৮ রানে আউট হওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিলেটের বিপক্ষে আউট হয়েছেন ৭ রানে। বোল্ড হয়েছেন বন্ধু মেহেদি হাসান মিরাজের বলে। দুটো কোয়ালিফায়ারেই ০ রানে আউট হলেন মুশফিকুর রহিম। নিলামে প্রথম ডাকে দল না পাওয়া মুশফিককে পরে দলে নিয়েছিল রাজশাহী। তার প্রতিদানটা মুশফিক দিলেন প্লে-অফের দুটো ম্যাচেই ০ রানে আউট হয়ে, যে সময় দলের সবচেয়ে বেশি দরকার ছিল তার অভিজ্ঞতার। ১০ম ওভারে মিরাজের পরপর দুই বলে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া রাজশাহীকে টেনে তুললেন বুধবার সকালে ঢাকায় পা রাখা কেন উইলিয়ামসন আর দিনকয়েক আগে আসা জেমস নিশাম। ষষ্ঠ উইকেটে দুজনের ৫০ বলে ৭৭ রানের জুটিতেই তো অর্ধেকের বেশি রান এসেছে রাজশাহীর। সঙ্গে সাহেবজাদা ফারহানের ২৬ আর তানজিদ হাসান তামিমের ৩২ রানের ইনিংসের বাইরে বাকিরা কেউই দুই অংকের রানে যেতে পারেননি। ১৯তম ওভারের ৫ম বলে নিশাম আউট হলেন, তখন অন্যপ্রান্তে কেন উইলিয়ামসন ৩৭ বলে ৪৪ রানে অপরাজিত। অথচ পরের ওভারে সাবেক কিউই অধিনায়ক স্টাইক পেলেন মাত্র ১ বলের জন্য। সালমান ইরশাদ শেষ ওভারে নিলেন ২ উইকেট, প্রথম বলে আর ৫ম বলে। শেষ বলে রুবেল রানআউট। তাতে রানটা ১৭০ এর নিচে আটকে রাখাটা সম্ভব হল সিলেট টাইটানসের জন্য। উইলিয়ামসনও পেলেন না প্রথম বিপিএল ম্যাচেই হাফসেঞ্চুরি। ৩৮ বলে ৪৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসা উইলিয়ামসন। ২৩ রানে ৩ উইকেট সালমান ইরশাদের, ২উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
পারভেজ হোসেন ইমনের সঙ্গে ব্যাট হাতে ইনিংসের সূচনায় নেমেছিলেন জাকির হাসান। প্রায় ১৫ দিন পর একাদশে সুযোগ পেয়ে জাকির করেছেন ০, আরিফুল করেছেন ০। স্যাম বিলিংসের সঙ্গে ইমনের ৪৭ বলে ৬৯ রানের জুটিটা ১০ ওভারের পর মনে হচ্ছিল জয়ের কক্ষপথেই আছে সিলেট। কিন্তু বিলিংস আর ইমন দুজনেই আউট হয়ে গেলেন দ্রুত, সঙ্গে অল্পতেই মইন আলিকে হারিয়ে টালমাটাল সিলেট। বলের চেয়ে রান যখন প্রায় দ্বিগুণ দরকার তখন মিরাজ অধিনায়ক হিসেবে খেলেছেন ১৩ বলে ৯ রানের ইনিংস। এরপর সিলেটের হার স্রেফ সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। ক্রিস ওকস ১০ বলে ১৫* করেছেন, তবে এবার আর জেতাতে পারেননি।
ক্যারিয়ার সেরা ১৯ রানে ৪ উইকেট শ্রীলঙ্কান বামহাতি পেসার বিনুরা ফার্নান্দোর। তবে বিনুরা তার ম্যাচসেরার পুরষ্কারের অর্ধেক অবশ্যই দেবেন সাহেবজাদা ফারহানকে, কারণ তার ৪ উইকেটের সবকটিতেই ক্যাচ ধরেছেন এই পাকিস্তানী ওপেনার।
শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্ব শেষে এই দুই দলই ছিল শীর্ষে, শিরোপার লড়াইতেও এই দুই দলই শেষ ম্যাচে মুখোমুখি।
