৯৬০তম গোল করে ম্যাচ জেতালেন রোনালদো

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে ম্যাচে গোল করে পেশাদার ক্যারিয়ারের ৯৬০তম গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা।

বুধবার রাতের অ্যাওয়ে ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় আল নাসর। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই সতীর্থ জোয়াও ফেলিক্সের বাড়ানো বল থেকে কঠিন কোণাকুণি শটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে এটি ছিল তার ১৬তম গোল। সৌদি লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে রয়েছেন তিনি।

এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর, শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৪। এর আগে ম্যাচের পঞ্চম মিনিটে আব্দুলরহমান ঘারিব আল নাসরকে এগিয়ে দেন। ৬৮ মিনিটে জামাল হারকাস একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে অতিথিরা। ম্যাচের শেষদিকে রোনালদো আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

৪০ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সম্প্রতি জানিয়েছেন, ১,০০০ ক্যারিয়ার গোল পূর্ণ না হওয়া পর্যন্ত অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। ৯৬০তম গোলের মাধ্যমে সেই ঐতিহাসিক লক্ষ্যের আরও কাছে পৌঁছালেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত