রাবি ছাত্রদলের হল সভাপতির পদ স্থগিত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রদলের সভাপতির পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম ও সংগঠনের সমালোচনা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েছেন তিনি। 

গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতের এই নির্দেশ জানানো হয়।

পদ স্থগিত হওয়া ওই নেতার নাম মেহেদী হাসান ফুয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।

শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফুয়াদের পদ স্থগিত করা হয়েছে। শাখা সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

সংগঠন সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভিত্তিতে প্রচারণার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমন্বয় টিম গঠন করা হয়েছিল। তবে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের নেতাকর্মীদের সমন্বয় টিমে রাখা হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকজন নেতা জায়গা পায় সে কমিটিতে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সে কমিটি বর্ধিত করে শাখার নেতাদের যুক্ত করা হবে বলে দাবি করেন কেন্দ্রীয় নেতারা। তবে, কেন্দ্রীয় কমিটি সেই তালিকা সমন্বয় না করে গতকাল আরেকটি নতুন সমন্বয় কমিটি করে রাবি শাখা ছাত্রদল। 

এ বিষয়টির সমালোচনা করে শাখা ছাত্রদলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেহেদী হাসান ফুয়াদের লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস রিলিজ দেয় কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক। আর আমাদের প্রেস রিলিজ দিচ্ছে জহুরুল ভাই। দুই জায়গায় শব্দচয়নের পার্থক্য বুঝতে পারা লোকগুলো কেয়ার রিয়েক্ট দেন।’

কেন্দ্রীয় ছাত্রদলের সমন্বয় কমিটিতে জায়গা না পেয়ে আরও কয়েকটি মেসেজ দেন ফুয়াদ। পরবর্তীতে সে মেসেজ তিনি ডিলিটও করে দেন বলে শাখা ছাত্রদলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন। 

স্থগিতের সময় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক কেউ স্থগিতের বিষয়টি পরিস্কার করেনি। কেন্দ্রীয় সংসদ যখন এটা নিয়ে প্রেস রিলিজ দিবে তখন বোঝা যাবে। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। এটা তেমন কোনো বিষয় না, সামান্য মনমালিন্যের জায়গা থেকে এটা হয়েছে।’

পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে না সংগঠনের নিয়মকানুনের বিরুদ্ধে যাওয়ার কারণে তার পদ স্থগিত করা হয়েছে। আমরা তার সাথে বসে এটা মীমাংসা করে নিব যেহেতু আমাদেরই ছোটভাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত