ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন সেনা আহত হয়েছেন। সোমবার (স্থানীয় সময়) ডোডা জেলার ভাদরওয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।
সেনা সূত্র জানায়, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটিতে মোট ১৭ জন সেনা সদস্য ছিলেন। তারা একটি উঁচু সামরিক পোস্টের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। গুরুতর আহত ১০ জন সেনাকে দ্রুত বিমানে করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুর্ঘটনায় ১০ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ ত্যাগ আমরা সর্বদা স্মরণ করব।’
তিনি আরও বলেন, ‘এই শোকের মুহূর্তে সমগ্র জাতি শোকাহত পরিবারের পাশে রয়েছে। আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
