বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য সরানো নিয়ে যা জানা গেল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে স্থাপিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্য সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। তার পরিবারের অনুমতি নিয়েই ভাস্কর্যটি সরানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শুধু তাই নয়, সড়ক সংস্কারের পর মহাসড়কের পাশেই আগের চেয়ে আরও বড় পরিসরে এ ভাস্কর্যটি পুনরায় নির্মাণ করা হবে। আর এ কাজ শুক্রবার (২৩ জানুয়ারি) শুরু হচ্ছে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।

তিনি বলেন, সড়ক সংস্কারের জন্য নির্ধারিত জায়গার বাইরে মহাসড়কের পাশেই আগের নকশা অনুসরণ করে আরও বড় পরিসরে ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে। এ কাজ আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে।

এদিকে ভাস্কর্যটি অপসারণের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে একটি এক্সকাভেটর দিয়ে ভাস্কর্য অপসারণের দৃশ্য দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ ওঠে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণ কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থেই সড়ক ও জনপদ অধিদপ্তর ভাস্কর্যটি সাময়িকভাবে অপসারণ করেছে। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় নেই। প্রশাসন জানায়, আগের নকশা ও কাঠামো অনুসরণ করেই ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে। নতুন ভাস্কর্যের আকার হবে ২০ ফুট বাই ২০ ফুট, যেখানে আগেরটি ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট।

সর্বশেষ সর্বাধিক পঠিত