রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরও একজন শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতের নাম রহিম। এ সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, আজ শুক্রবার ভোরে নরসিংদী থেকে শুটার রহিমকে আটক করা হয়। এর আগে এ মামলার আরেক আসামি মো. বিল্লালকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি আজিজুর রহমান মুছাব্বির বন্ধুদের সঙ্গে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আড্ডা দেন। আড্ডা শেষে রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাসার উদ্দেশে রওনা দেন। এর প্রায় ১০ মিনিট পর তেজতুরি বাজারের আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে অজ্ঞাত চার থেকে পাঁচজন তার গতিরোধ করে গুলি করে।
আসামিদের ছোঁড়া গুলিতে মুছাব্বির মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার সঙ্গে থাকা সুফিয়ান বেপারী মাসুদকেও গুলি করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
আহত মাসুদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম (৪২) গত ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
