নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকলরি মুদি দোকানে, আহত ৫

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে মশিপুরে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রন হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে দোকানে বসে থাকা ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সরিষাকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাবু সরকার, শাহান, শওকত,সেলিম ও নুর মোহাম্মদ। এদের সবার বাড়ি মশিপুর গ্রামের আসেপাশে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ হাটিকমরুল হাইওয়ে থানা সুত্রে জানা গেছে , শুক্রবার সকালে বাঘাবাড়ি থেকে জ্বালানী তেল বোঝাই একটি ট্যাংকলরি তেল নিয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক দিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। সকাল ৯টায় পথে ট্যাংকলরির সামনের চাকা ফেটে গেলে ট্যাংকলরিটি মশিপুর সরিষাকোল বাজারের একটি মুদি দোকানে ঢুকে পরে। এ সময় দোকানে বসে থাকা কয়েকজন আহত হন।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা পারভেজ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে  উপস্থিত হয়ে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত