ডিডিআই এক্সপো-২৬ শুরু আগামী ২৮ জানুয়ারি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শন এবং দেশীয় উদ্ভাবনকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) থেকে চার দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএমসি) আয়োজিত এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের এক্সপোতে উদ্ভাবনী তরুণদের দক্ষতা প্রদর্শন এবং স্থানীয় প্রযুক্তি পণ্যের প্রচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে পুরো মেলা প্রাঙ্গণকে কয়েকটি বিশেষ জোনে ভাগ করা হয়েছে। চার দিনব্যাপী এই আয়োজনে পাঁচটি গুরুত্বপূর্ণ সেমিনার এবং চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা, ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা  (এআই) এবং সাইবার নিরাপত্তা নিয়ে দেশের বরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকেরা আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্যে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশ এখন বিশ্বজুড়ে প্রযুক্তির রোল মডেল। এই এক্সপো আমাদের স্থানীয় সক্ষমতাকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে প্রমাণের বড় প্ল্যাটফর্ম।

এবারের প্রদর্শনীর স্লোগান হচ্ছে ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই মেগা ইভেন্টের আয়োজন করেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত