বিশ্ব ফুটবলের এই শতাব্দীর দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে কোনো বিতর্ক নেই। দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ- এমন বিতর্কের যেন কোনো শেষ নেই, যদিও পারফর্মেন্স ও পরিসংখ্যান দুজনকেই আলাদা করে চিহ্নিত করে। এই দুই তারকার সঙ্গেই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া বিরল ফুটবলারদের একজন আর্জেন্টিনার কিংবদন্তি আনহেল ডি মারিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন এই দুজনকে নিয়ে।
২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়া। এই সময়ে দুজন মিলে ছয়টি শিরোপা জেতেন, যার মধ্যে ২০১৩–১৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে ডি মারিয়া রোনালদোর সবচেয়ে বড় গুণ হিসেবে তুলে ধরেছেন তাঁর পেশাদারিত্ব।
স্প্যানিশ দৈনিক ‘ডিয়ারিও এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘পেশাদারিত্বের দিক থেকে ক্রিশ্চিয়ানো নিঃসন্দেহে এক নম্বর। আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে সে সবার ওপরে। ক্রিশ্চিয়ানোর সবকিছুই ছিল কঠোর পরিশ্রম আর নিজেকে সেরা করার তাগিদকে কেন্দ্র করে। নিজের যত্ন নেওয়া, কাজের প্রতি নিষ্ঠা, আর লিওর সঙ্গে প্রতিযোগিতায় থেকেও সবসময় সেরা হওয়ার চেষ্টা—এসবই ছিল অসাধারণ। তবে দুর্ভাগ্যজনকভাবে সে খেলেছে মেসির যুগে, যা তার পথকে আরও কঠিন করে তুলেছিল।’
মেসি ও রোনালদোর পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে ডি মারিয়া বলেন, ‘ক্রিশ্চিয়ানো ছিল পরিশ্রম আর পেশাদারিত্বের প্রতীক। আর মেসিকে দেখতাম ড্রেসিংরুমে মাতে (চা) খেয়ে মাঠে নেমে নিজেকে অনায়াসে প্রমাণ করে দিচ্ছে। সে আসলে ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। সেরা হওয়ার জন্য জন্ম নেওয়া একজন ফুটবলার।’
রোনালদোর সঙ্গে চার বছরের ক্লাব-অভিজ্ঞতার পাশাপাশি লিওনেল মেসির সঙ্গে ডি মারিয়ার সম্পর্ক আরও গভীর। ২০০৮ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে দুজনের একসঙ্গে পথচলা শুরু। একই বছর জাতীয় দলে অভিষেক হয় ডি মারিয়ার, মেসি তখনই ছিলেন তারকা। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে মেসি-ডি মারিয়া জুটি খেলেছেন চারটি বিশ্বকাপ ও ছয়টি কোপা আমেরিকা।
এই সময়ে তারা একসঙ্গে জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা—মোট চারটি বড় শিরোপা। ক্লাব ফুটবলেও এক মৌসুমের জন্য একসঙ্গে খেলেছেন তারা। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর মেসি পিএসজিতে যোগ দিলে সেখানে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি ডি মারিয়ার সঙ্গেও মাঠ ভাগ করেন। সেই মৌসুমে ফরাসি লিগ ওয়ান শিরোপাও জেতে পিএসজি।
পাঁচ বছর আগে করা রোনালদোর ভবিষ্যদ্বাণী সত্যি হলো
বিশ্বকাপ খেলার পক্ষে পাকিস্তানের যেসব সাবেক ক্রিকেটার