শেরপুরে জামায়াত নেতাকে হত্যায় নাহিদ ইসলামের নিন্দা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান। নাহিদ ইসলাম তার ফেসবুকে লেখেন, শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সশস্ত্র হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের স্ক্রিন শট

তিনি বলেন, দেশের মানুষ যখন দীর্ঘদিন পর বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই এই হত্যাকাণ্ড বিএনপির নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চরিত্র স্পষ্ট করেছে। হামলা করে প্রতিপক্ষকে দমন করার এমন হীন চেষ্টা শুধু ফ্যাসিস্ট লীগের চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়।

নাহিদ ইসলাম আরও লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই প্রথম প্রতিপক্ষকে হত্যার ঘটনা ঘটলেও এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিগত কয়েকদিন ধরে সারাদেশে এগারো দলীয় প্রার্থীদের ওপর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হামলার ধারাবাহিক পরিণতি এটি। এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে এগারো দলের জোয়ার বন্ধ করা যাবে না।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য অশনিসংকেত উল্লেখ করে তিনি আরও লেখেন, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এরকম হত্যাকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য অশনিসংকেত। সরকার ও নির্বাচন কমিশন যদি অবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ এই অরাজকতাকারীদের প্রতিরোধ করতে বাধ্য হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত